দুর্নীতিমুক্ত থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে আস্থার সঙ্গে দায়িত্ব দিয়েছেন, তিনি তা বজায় রাখতে সার্বক্ষণিক কাজ করে যাবেন।

গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার শপথগ্রহণের পর গতকাল তিনি প্রথমবারের মতো দায়িত্ব পালন শুরু করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কথা দিতে পারি এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত থাকবে। কেউ দুর্নীতি করতে পারবে না। সিন্ডিকেট ভেঙে দেব। কোনো সিন্ডিকেট থাকবে না। এখানে হস্তক্ষেপ করতে পারবে না। যা কিছু করা হবে, তা মানুষের মঙ্গলের জন্য, কারও চাপে কোনো কাজ করব না।’

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না। তিনি জানান, সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যব্যবস্থায় রোগীদের আস্থা ফেরানোর ওপর গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিজের চিকিৎসার ক্ষেত্রেও তিনি দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান। তিনি বলেন, ‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’

এ ছাড়া স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।