জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। এতে জুলাই সনদকে অসাংবিধানিক ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।
এক বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, সংলাপের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো নিয়ে জাতীয় সনদ চূড়ান্ত ও গত বছরের ১৭ অক্টোবর তা স্বাক্ষর হয়। তবে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এরপর গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তখনকার অন্তর্বর্তী সরকার। গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট দেন ৬৮ শতাংশ ভোটার। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ।