ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লি থেকে ১১ জন ‘বাংলাদেশি’ নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, দেহব্যবসায় বাধ্য হওয়া ১ ‘বাংলাদেশি’ নারীর এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা নাগাদ উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে ৭০০ সদস্যের এক বিশাল পুলিশ দল এই অভিযান চালায়। মূলত অবৈধভাবে থাকা বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা নাবালিকাদের খুঁজতেই এই তল্লাশি চালানো হয়।
পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, যেসব যৌনপল্লিতে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিল করে দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করব। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের অধীনে মামলা করা হবে। পাশাপাশি এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও আমরা দ্রুতই শুরু করছি।
জানা যায়, গত সাত দিনের মধ্যে এটি ছিল ওই এলাকায় পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি পুলিশ সেখান থেকে দুজন বাংলাদেশি নারী এবং বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছিল।
এর আগে গত বছরের অক্টোবরে ভারতের পুনে পুলিশের তৎপরতায় উদ্ধার হন দুই বাংলাদেশি তরুণী। উদ্ধার হওয়া দুজনের বয়স যথাক্রমে ২২ ও ২০ বছর। এছাড়া গত বছরের আগস্টেও ভারতের হায়দরাবাদ থেকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছিল পুলিশ।