‘ওরাও তো ভারতকে হারাতে পারেনি’ – সাবেকদের সঙ্গে তুলকালাম ঝগড়া শাদাবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় হারের পর বাবর আজম-শাহিন আফ্রিদি-শাদাব খানদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাদের দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। সমালোচনা শুনে আর টিকতে না পেরে মুখ খুলেছেন শাদাব। দুই কিংবদন্তি শহীদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফকে আক্রমণ করে তিনি বলেছেন- তারাও কখনো ভারতকে হারাতে পারেনি!

গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। ম্যাচটিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তার পার্টটাইম বোলারদের পর্যন্ত ব্যবহার করেছেন। তারা উইকেটও পেয়েছেন। বাবর, শাহিন ও শাদাবের মতো অভিজ্ঞ তারকারা পুরোপুরি ফ্লপ ছিলেন। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে ৮টিতেই জিতেছে ভারত। এরপরই এই তিনজনকে দল থেকে ছেঁটে ফেলার দাবি ওঠে।

এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ লিখেছিলেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন পারফরমার প্রয়োজন। কেবল দুর্বল দলের সঙ্গে জয় যথেষ্ট নয়।’

আরেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও পাকিস্তানি গণমাধ্যমকে বলেন, ‘যদি এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত, আমি বলতাম বাবর, শাহিন ও শাদাবকে বাদ দাও। নামিবিয়ার বিপক্ষে নতুন কাউকে সুযোগ দাও এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করো। আমরা লম্বা সময় ধরেই দেখছি সিনিয়র ক্রিকেটাররা বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারছে না। যদি তারা না পারে, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।’

নামিবিয়ার বিপক্ষে জয়ের পর গতকাল এই দুই সাবেক তারকাকে জবাব দেন শাদাব। তিনি নাম উল্লেখ না করে বলেন, ‘আমি জাতীয় দলে ফেরার পর থেকেই একটি বাজে ওভারের পর অনেক বেশি সমালোচনা হতে দেখছি। আমি স্বপক্ষে বলার চেষ্টাও করিনি। কারণ এসব নিয়ন্ত্রণ করতে পারব না। সেটি ছিল আমার জন্য বাজে দিন এবং বাজে একটি ওভার। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট, আপনি রানের পাশাপাশি উইকেটও নিতে চাইবেন। সমালোচনা নিয়ে আমি অতটা ভাবি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত থাকতে পারে। তারা পাকিস্তানের জন্য ভালো কিছু করেছেন এবং দিনশেষে এটাও ঠিক যে তারা কখনও ভারতকে বিশ্বকাপে হারাতে পারেননি। আমরাই কেবল একবার ২০২১ বিশ্বকাপে তাদের একটি ম্যাচে হারিয়েছি। ভারতের বিপক্ষে সেটাই আমাদের একমাত্র জয়। অবশ্যই তারা (সাবেক ক্রিকেটার) কিংবদন্তি, কিন্তু তারা বিশ্বকাপে ভারতের সঙ্গে কোনো স্মরণীয় কিছুই করতে পারেননি।’

শাদাবের এই মন্তব্য বেজায় চটেছেন সাবেক পাকিস্তান ব্যাটার বাসিত আলি। একটি টিভি অনুষ্ঠানে তিনি কড়া ভাষায় শাদাবকে আক্রমণ করে বলেন, ‘পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক এত বড় ম্যাচউইনার ছিলেন যে তার সামনে শাদাবের মতো দশজন খেলোয়াড়ও কিছু নয়। নব্বই ও শূন্য দশকের ক্রিকেটাররা সুপারিশে নয়, কেবল পারফরম্যান্সের ভিত্তিতেই দলে সুযোগ পেতেন। দুর্বল দলের বিপক্ষে শাদাবকে ব্যাটিংয়ে ওপরে পাঠানো হয়, কিন্তু শক্তিশালী দলের বিপক্ষে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেন না।’