চোট নিয়ে মাঠ ছাড়লেন লাউতারো; আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা কতটা?

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে নরওয়ের ক্লাব বোডো গ্লিম্টের কাছে হারার ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। তার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ ক্রিস্তিয়ান কিভু। নরওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ইতালির ক্লাব ইন্টার মিলান ১–৩ গোলে হেরে যায়। ম্যাচের ৬০ মিনিটে ১–১ সমতা থাকা অবস্থায় মার্তিনেজকে বদলি করা হয়।

মাঠ ছাড়ার সময় লাউতারোকে ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যায় এবং তার হাঁটাচলাতেও অস্বস্তি ছিল স্পষ্ট। লাউতারোর জায়গায় বদলি হিসেবে নামেন মার্কাস থুরাম। প্রাথমিক পরীক্ষায় মার্তিনেজের বাঁ পায়ের পেশিতে ক্লান্তিজনিত সমস্যা ধরা পড়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিভু বলেন, মার্তিনেজ চোট পেয়েছেন এবং তার অবস্থা ‘গুরুতর হতে পারে’। ফলে ফিরতি লেগে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে আর্জেন্টাইন ফুটবল সাংবাদিক গাস্তোন এদুল জানিয়েছেন, লাউতারোর চোট ততটা গুরুতর নয়। পেশিতে টান রয়েছে, যার কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যদি তিন সপ্তাহের মধ্যে সুস্থ হন, তাহলে বড় ম্যাচের আগে কয়েকটি খেলায় মাঠে নামার সুযোগ পেতে পারেন।

মার্তিনেজ বর্তমান মৌসুমে লিগে দুর্দান্ত ফর্মে আছেন। ইতালিয়ান লিগে ২৫ ম্যাচে ১৪ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ইতিহাসে ১৭১ গোল নিয়ে ইতালির কিংবদন্তি রবার্তো বোনিনসেনিয়ার সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে ইন্টারকে নিজেদের মাঠে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে। তাই দলের সেরা গোলদাতার চোট স্বাভাবিকভাবেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্চের শুরুতে ইন্টারকে কাপ প্রতিযোগিতার সেমিফাইনাল খেলতে হবে কোমোর বিপক্ষে। এছাড়া লিগের শীর্ষে থাকা ইন্টার শিগগিরই শহর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের মুখোমুখি হবে। মেডিক্যাল পরীক্ষার রিপোর্টেই নির্ধারিত হবে মার্তিনেজ কতদিন মাঠের বাইরে থাকবেন। ইন্টার ও আর্জেন্টিনা—দুই দলের সমর্থকরাই এখন তার দ্রুত সুস্থতার অপেক্ষায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত