টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজের স্বরূপে ফিরতে পারেননি ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। টানা তিন ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। তারপরও অভিষেকর ওপর আস্থা হারায়নি ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বাসিত আলি। বরং তিনি পাকিস্তান দলে অভিষেকের মতো একজনকে চেয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমার জন্য ব্রেকিং নিউজ হলো, অভিষেক তৃতীয় শূন্য করেছে। শূন্য, শূন্য, শূন্য- এটা সাঈদ আনোয়ার এবং আত্তা-উর-রহমানের মতো রেকর্ড। তবু বলব- সে একজন গেম চেঞ্জার। আমি তার ওপর অনেক আশা রাখি। মনে হয়, সে সুপার এইটের জন্য অপেক্ষা করছে। যদি সে স্লগার হয়, তাহলে আমাদেরও একজন দিন। দলে এমন একজন খেলোয়াড় থাকা ভালো।’
চলতি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাবর আজমরা স্রেফ পাত্তাই পায়নি সূর্যকুমার যাদবদের কাছে। এই ব্যর্থতার পেছনে পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট, নির্বাচক প্যানেল এবং কোচ মাইক হেসনের দায় দেখছেন বাসিত। তিনি বলেন, ‘এটা কি পাকিস্তানের দল, নাকি মাইক হেসনের দল? কেন স্পিনার আবরার আহমেদকে খেলানো হলো না, সেটাও বোঝা যায়নি।’
ভারতের বিপক্ষে হারের পর ব্যাটার সাহিবজাদা ফারহানকে বাদ দেওয়ার আলোচনা নিয়ে বাসিত ক্ষুব্ধ। তিনি বলেন, ‘সে ভারতের বিপক্ষে একটা খারাপ শট খেলেছে। অন্যরা কি খেলেনি? আগা সালমান কি খারাপ শট খেলেনি? বাবর আজম? উসমান? শাদাব? নওয়াজ? তারা কী করেছে? তাদের বাদ দিয়ে কেন একজনকে বলির পাঁঠা বানানো হলো? এটা হওয়া উচিত নয়।’
ভারতের শক্তিমত্তা স্বীকার করে পাকিস্তান দলের উদ্দেশ্যে বাসিত বলেন, ‘ভারত তোমাদের শিশুর মতো হারিয়েছে। তাদের স্কিল, ম্যাচ সচেতনতা, টেম্পারামেন্ট- সবকিছুই আমাদের থেকে অনেক এগিয়ে। এতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান দলকে অনেক উন্নতি করতে হবে। তারা এই বিশ্বকাপে যা করছে, তাতে অনেক প্রশ্ন উঠছে।’