বিয়ের ৩ মাসের মাথায় গলায় ফাঁস নিলেন গৃহবধূ‎

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে শিল্পী আক্তার নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শিল্পী আক্তার ওই এলাকার ফারুক মিয়ার স্ত্রী। তিন মাস আগে তাদের বিয়ে হয়। 

পরিবার ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সেহেরি রান্না করার জন্য শাশুড়ি পুত্রবধূকে ডাকেন। একপর্যায়ে মায়ের ডাকে সারা দেন পুত্র ফারুক মিয়া। ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী শিল্পী আক্তার ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। ফারুকের আত্মচিৎকারে প্রতিবেশী এগিয়ে আসেন। পরে থানায় জানালে, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।