গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পরপর বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টা ২৬-২৭ মিনিটের দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকারের বাড়ির সামনে প্রথম বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এর দুই মিনিট পর গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর আরও দুই মিনিট পর স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পরপর তিনটি বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে তাঁর বাড়ির সামনে বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনেন তিনি। পরপর তিনটি বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর দাবি, ওই এলাকায় এর আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।