শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত

ঝিনাইদহের শৈলকুপার বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবারে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক কেসমত আলীর সঙ্গে কয়েকবছর ধরে তার ছোট বোনজামাই নবছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নবিছদ্দি ও কেসমত আলীর এ নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে।

শৈলকুপা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, হত্যার ঘটনায় আমরা দুই জনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।