রমজানের প্রথম দিনে নড়াইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা এবং মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা আইনে ওই তিন প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।
এর মধ্যে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডারের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সে-কারণে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।