সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এইচ আর এম ট্রেক্সটাইল নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা। অবরোধ ও বিক্ষোভে এসময় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে প্রায় ৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উল্লাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে শ্রমিকরা। পরে শিল্প পুলিশের আশ্বাসে বেলা ১ টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবশ্য পরে কারখানার সমানে বেতনের দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানায় কর্মরত শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন ও স্টাফদের তিন মাসের বেতন বকেয়া আছে। কিন্তু মালিকপক্ষ বেতন না দিয়ে টালবাহানা করছে। কয়েক দফায় বেতন দেওয়ার তারিখ জানালেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেননি। পরে বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এসময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়।

এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্যাস বিল বকেয়া থাকার কারণে কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। তাই কারখানাটিতে লে-অফ চলছে। অপর দিকে কারখানার শ্রমিকদের এক মাসের বেতন এবং স্টাফদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের জন্য আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। যতদ্রুত সম্ভব শ্রমিক ও স্টাফদের বকেয়া পরিশোধ করার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে বলে জানান তিনি।