ঈশ্বরগঞ্জে এক লেবুর দাম ২৫ টাকা

আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে।

এতে অতিরিক্ত দামে লেবু বিক্রির দায়ে আড়ত থেকে চার বস্তা লেবু জব্দ এবং একই কারণে এক খেজুর বিক্রেতাকে ১৫০০ টাকা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অতিরিক্ত দামে লেবু ও খেজুর বিক্রিকালে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ পৌর বাজারে গিয়ে দেখা যায়, বড় আকারের প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ছোট ও মাঝারি আকারের প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। এতে নিম্নআয়ের মানুষ এক পিস লেবু ২০ থেকে ২৫ টাকায় ক্রয় করতে দেখা যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের আড়ত থেকে চার বস্তা লেবু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের বাজার যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার বস্তা লেবু জব্দ করা হয়। একইসাথে অতিরিক্ত দামে খেজুর বিক্রির দায়ে এক দোকানিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজানে যাতে মানসম্মত পণ্য বিক্রি করে ও কোনো ভেজাল মিশ্রিত না করে তার জন্য পাইকারী বিক্রেতা এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এ সময় মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত শেষে পাইকারি বিক্রেতা, আড়তদার, ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময়সভা করেন ইউএনও সানজিদা রহমান। সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর-রশিদ, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার সমিতির উপদেষ্টা আতাউর রহমান এবং বাজারের ব্যবসায়ীরা।