কৃষিমন্ত্রী বললেন

শিল্প মানে কৃষিপণ্য রপ্তানি করা হবে

এক বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে (শিল্প মানে) কৃষিপণ্য রপ্তানি করা হবে বলে জানিয়েছে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদ-। দেশের বিশাল জনগোষ্ঠী এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে। এর মধ্যে আগামী এক বছরে কৃষি পণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি রপ্তানি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান নতুন এ মন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ হতে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।