গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এসআইয়ের হাত-পা বিচ্ছিন্ন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক এসআইয়ের হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত এসআইয়ের নাম হাবিব। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলতে বলতে স্টেশনের চার নম্বর লাইন ধরে দক্ষিণ দিকে হাঁটছিলেন এসআই হাবিব। এ সময় তিনি উত্তর দিক থেকে ঢাকাগামী রাজশাহী কমিউটার ট্রেনের নিচে পড়ে যান।

দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।