কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রুবেল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আক্কাস আলী নামের আরেক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহত রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত আক্কাস আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাতের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল, আক্কাসসহ আরও কয়েকজন শ্রমিক উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত আক্কাস দেশীয় অস্ত্র দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বুধবার রাতে রুবেলের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস কবির চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকা নিয়ে বিরোধের কথা স্বীকার করেছেন। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বরিশাল সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বুধবার রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপুর বাদামতলা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের বাসিন্দা নজির চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বৌশের হাটের ইজারাদার ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।