এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। ফি জমা চলবে ১০ মার্চ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (ইএফএফ) করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।

শুধু বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন-বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এ বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শিথিলযোগ্য।