অর্থ আত্মসাতের মামলা

চিত্রনায়িকা নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন। নিঝুম ছাড়াও অন্য যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন, নিঝুমের স্বামী মামুনুর রশীদ রাহূল, রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবি। গত ২৯ জানুয়ারি একই আদালতে মোছাম্মৎ সুরভী বেগম নামের এক নারী এই মামলাটি করেন। আদালত সেদিন আসামিদের ১৯ ফেব্রুয়ারি (গতকাল) হাজির হতে সমন দেয়। তবে, আসামিরা আদালতে না আসায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে বাদী সুরভী বেগমের কাছ থেকে তিন দফায় সাড়ে ১২ লাখ টাকা নেন নিঝুম ও রাহূল। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে চুক্তি সই হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন বলে চুক্তিপত্রে লেখা হয়।

জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে বাদী সুরভী তাদের কাছে টাকা ফেরত চান। তবে নিঝুম ও রাহূল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। ২২ সেপ্টেম্বর রুবিনা নিঝুম ও রাহূলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। কিন্তু তারা টাকা দিতে রাজি না হয়ে সুরভীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।