ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অথচ ভারতকেই বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। ইতোমধ্যেই ভারত দাপটের সাথে সুপার এইটে উঠেছে। এই পর্বে গ্রুপ-১ এ তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং দারুণ পারফর্ম করা জিম্বাবুয়ে।
পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না-মানা হ্যায়’ অনুষ্ঠানে মোহাম্মদ আমির বলেন, ‘আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছাড়া সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তাতে তারা যে কোনো দলকে হারাতে সক্ষম।’
আমির আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও খুব ভালো। মোতি ও আকিল আছে। হোল্ডার এবং শামার জোসেফও ভালো বোলিং করছে। ওদের ব্যাটিং দেখুন, রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল কিংবা অন্য কেউ যেকোনো সময়ে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে। ওরাই সবচেয়ে বিপজ্জনক দল। দক্ষিণ আফ্রিকার কথা বলছি কারণ ওদের ফাস্ট বোলিং পরিপূর্ণ, স্পিন বিভাগও পরিপূর্ণ। ব্যাটিংও খুব ভালো। আমার তাই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা উঠবে বলেই মনে হয়।’
গ্রুপ-২ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখছেন মোহাম্মদ আমির। গ্রুপ-১ এ ভারতের জন্য হুমকি হতে পারে জিম্বাবুয়েও। খর্বশক্তির দলটি গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে অপরাজিত হিসেবে সুপার এইটে উঠেছে। সুপার এইটেও তারা অঘটন ঘটিয়ে দিতে পারে বলে মনে করেন আমির, ‘টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে।’