বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর চামেলী বেগমের মৃত্যু পর মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাজাহানপুর উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে অবরোধ পালনকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
নিহত চামেলী বেগম (৩৫) উপজেলার বেতগাড়ী দক্ষিণপাড়া গ্রামের জুয়েলের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ জানায়, ১৮ ফেব্রুয়ারি বিকেলে লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে বাস ও ইজিবাইকের সংঘর্ষে চামেলী বেগমসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে চামেলী বেগম মারা যান। দুর্ঘটনায় আহত তার দুই বছরের শিশু সন্তান সোয়াদের একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এদিকে এলাকায় চামেলী বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুর্ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ নিয়োগ ও ফুটওভার ব্রিজের দাবিতে শুক্রবার সকালে লিচুতলা বাইপাস মোড়ে চামেলীর মরদেহ নিয়ে অবস্থান নেয় এলাকাবাসী ।
এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সংসদ সদস্য মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর ও শাজাহানপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলামের উপস্থিতিতে অবরোধ সরিয়ে নেওয়া হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, পুলিশের হস্তক্ষেপে ও সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।