বগুড়ায় জুলাই যোদ্ধাদের সমাবেশের আগে বিকট শব্দ, ধোয়ায় আতঙ্ক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

বগুড়া শহরের সাতমাথায় আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের বিক্ষোভ কর্মসূচির ঠিক আগমুহূর্তে পরপর দুটি বিকট শব্দ শোনা গেছে। এ সময় ধোঁয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এতে উপস্থিত কর্মসূচি পালনকারী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপর বেলা ১২টার দিকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বিক্ষোভ সমাবেশ জুলাই স্মৃতিস্মম্ভের সামনে পালন করেন।

জানা গেছে, তিন দিন আগে ঢাকার গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সারা দেশের মতো বগুড়াতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১০টার পর থেকে আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হতে থাকেন।

কর্মসূচি শুরুর ঠিক আগমুহূর্তে সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশে বিকট শব্দে কিছু ফোটে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিকট শব্দে ফুটেছে তা হলো পটকা।

ঘটনাস্থলে উপস্থিত জুলাই শহীদ আব্দুল আহাদ সৈকতের বাবা নজরুল ইসলাম বলেন, আমরা ৪০-৫০ জন মানুষ স্মৃতিস্তম্ভের সামনে একত্রিত হয়েছিলাম। কর্মসূচি শুরুর আগেই গোলচত্বরের দিকে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখতে পাই। ঢাকার ঘটনার পর আমাদের কর্মসূচিরে লক্ষ্য করে কোনো দুষ্কৃতকারী এটি করল কি না তা নিয়ে প্রথমে কিছুটা আতঙ্কে ছিলাম। তবে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করছে।

ঘটনার বিষয়ে আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলার আহ্বায়ক জুলফিকার আলম জানান, সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তির ঝটিকা মিছিলের প্রতিবাদে কেন্দ্র নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ গোলচত্বরের দিক থেকে বিকট শব্দ ও ধোঁয়া দেখা যায়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এসে বিষয়টি তদন্ত শুরু করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক দৃষ্টিতে বিষয়টিকে পটকা জাতীয় কিছু মনে হচ্ছে এবং এর কিছু আলামতও পাওয়া গেছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শব্দের পরপরই এক তরুণ ও তরুণীকে সেখান থেকে দৌড়ে যেতে দেখা গেছে। কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাচ্চাদের দিয়ে এ কাজ করিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই তরুণ-তরুণীকে শনাক্তের পাশাপাশি পেছনে কারোর মদদ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেলা ১২টার দিকে জুলাই স্মৃতিস্মম্ভের সামনে আমরা জুলাই যোদ্ধা ও জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির পক্ষথেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক উজ্জল হোসেন বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।

সেই বাংলাদেশে যতদিন না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই শহীদদের হত্যার বিচার না হবে তত দিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোন পটকা বা ককটেল ফাটিয়ে আমাদেরকে পিছপা করাতে পারবে না আওয়ামীলীগ ও তার দোসররা। বগুড়ায় পটকা ফাটিয়ে ও মুঠোফোনে সমাবেশ না করার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা জুলাই আন্দোলনের ন্যায় ফ্যাসিস্ট হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত