৩ জানুয়ারি শেষ হয়েছিল বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব। এরপর ৬১ দিন বিরতি শেষে ৬ মার্চ মাঠে গড়াবে লিগের খেলা। তবে দুই রাউন্ড শেষে ফের বড় বিরতি নেমে আসবে লিগে। মার্চে জাতীয় দলের খেলা থাকায় ফের বন্ধ হবে লিগের খেলা। এতে ক্লাবগুলোর সঙ্কট বাড়বে অনেকটাই। বিরতির পর কবে খেলা শুরু হবে, এ নিয়ে এতদিন তারা ছিল অন্ধকারে। বৃহস্পতিবার ক্লাবগুলোকে লিগ ও ফেডারেশন কাপের নতুন সূচী পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটা দেখার পর তাদের হতাশা বেড়েছে অনেকটাই।
সাধারণত লিগের প্রথম পর্বের সঙ্গে দ্বিতীয় পর্বের বিরতি থাকে তিন থেকে চার সপ্তাহের। লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল ৫ ফেব্রুয়ারি। আর ফেডারেশন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত ছিল ৩ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অযুহাতে লিগ সে সময় শুরু করেনি বাফুফে। এরপর ক্লাবগুলোকে মৌখিকভাবে আরও দুটি তারিখ (১৭ ও ২৭ ফেব্রুয়ারি) জানিয়েছিল বাফুফে। অথচ বৃহস্পতিবার ক্লাবগুলোতে ৬ মার্চ লিগ ও ১০ মার্চ হবে ফেডারেশন কাপের খেলা। অথচ বাফুফে নারী ফুটবল লিগ জাতীয় নির্বাচনের দুই দিন আগে এবং একদিন পরে আয়োজন করেছে। লিগ শুরু বারবার পেছানোয় ক্লাবগুলোকে বিপাকে পড়তে হচ্ছে বারবার। আবার দুই রাউন্ড খেলা শেষেই ২৬ দিনের বিরতি নেমে আসবে লিগে। ১৪ মার্চ ১১তম রাউন্ডের শেষ খেলার পর ফের লিগ শুরু হবে ১০ এপ্রিল। এর মধ্যে জাতীয় দলের এশিয়ান কাপের বাছাইয়ের শেষ ম্যাচসহ দু'টি ম্যাচ খেলার কথা রয়েছে।
একটি ক্লাবের ম্যানেজারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু নিয়ে আমাদের বারবার ধোঁয়াশায় রাখা হয়েছে। আমরা মৌখিক কিছু তারিখ পেয়ে অনুশীলন শুরু করেছিলাম। এখন ৬ মার্চ খেলার তারিখ হওয়ায় দেখা যাচ্ছে অনুশীলন করতে করতেই খেলোয়াড়দের মধ্যে একটা ফেটিগ (ক্লান্তি) চলে আসবে। তাছাড়া ক্লাবগুলোর দৈনিক খরচের দিকটাও চিন্তা করতে হবে। দিনের পর দিন খেলা না চললে ক্যাম্প খরচও বেড়ে যায় অনেকটা।'
লিগের পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংসের সাথে যৌথভাবে শীর্ষে থাকা ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, 'এটা কেবল আর্থিকভাবে চাপই নয়, খেলোয়াড়দের জন্য একটা মানসিক চাপও। এভাবে লিগ লম্বা সময় বন্ধ থাকলে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। তারা অনুশীলনেও সেভাবে উৎসাহ পান না।'
দ্বিতীয় পর্বের প্রথম দিন ৬ মার্চ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ। এদিন বসুন্ধরা কিংসে স্বাগতিক বসুন্ধরা মুখোমুখি হবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের। কুমিল্লায় আবাহনী আতিথ্য দেবে রহমতগঞ্জকে। গাজীপুরে পুলিশের প্রতিপক্ষ ব্রাদার্স এবং মানিকগঞ্জে আরামবাগ খেলবে ফকিরেরপুলের সঙ্গে। পরের দিন কুমিল্লায় গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্টিসের প্রতিপক্ষ মোহামেডান।
১৩ মার্চ শুরু হতে যাওয়া পরের রাউন্ডের দুটি ম্যাচ হবে। আর ১৪ মার্চ হবে তিন ম্যাচ। এর মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনায় মহা লড়াইয়ে মুখোমুখি হবে শীর্ষে থাকা দুই দল ফর্টিস ও বসুন্ধরা। প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে সমান পাঁচ জয়, তিন ড্র ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে বসুন্ধরা ও ফর্টিস। ১৫ পয়েন্ট নিয়ে তিনে রহমতগঞ্জ। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছে পুলিশ। পাঁচে আবাহনীর সংগ্রহ ১৩। আর ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান।