পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি বাড়িয়েছে সরকার। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে বিদ্যমান স্বল্পচাপ পরিস্থিতি মোকাবিলা এবং রমজানে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি গ্যাসের চাহিদা পূরণে এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্তে বন্ধের সময় বাড়িয়ে তা ছয় ঘণ্টা করা হলো।
অন্যদিকে, ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঈদের ছুটি শেষে ২৬ মার্চ থেকে আবার আগের নিয়মে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
কর্তৃপক্ষের আশা, এই সিদ্ধান্তের ফলে রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়বে এবং ঈদযাত্রায় যানবাহনের জ¦ালানি সংকট এড়ানো সম্ভব হবে।