সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ এএম

কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ এবং কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। ৪ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করেন ইউএনও। গতকাল শুক্রবার সকাল ৮টায় জেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এই ঘটনা ঘটে। বাজারের ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলাররা ভোর থেকেই সার বিতরণ শুরু করেন এবং ৮টার আগেই শেষ করেন। এদিকে ৮টার সময় আসা কৃষকরা সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে গুদামে অবরুদ্ধ করেন এবং গাছের গুঁড়ি ফেলে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

বিক্ষুব্ধ কৃষকদের রোষানল থেকে কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা রাখা হয়। ৪ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এসে কৃষকদের দ্রুত সার দেওয়ার আশ^াস দিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশি নিরাপত্তায় কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে যান। উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েকশ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করেন।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেওয়া হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে। ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এ সময় কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দিই। কৃষকরা পরে অবরোধ তুলে নেন। অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে জেলায়। আশা করি শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত