কক্সবাজারে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

কক্সবাজার জেলার চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বলেন, শুক্রবার রাত ৮টার পর বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল শামীম। তাদের বহনকারী মোটরসাইকেলটি চকরিয়ার নলবিলায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

পরে স্থানীয়রা তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চিকিৎসক।

এদিকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছে বলে জানায় পুলিশ সদস্যরা।