একরাশ হতাশা নিয়ে জাম্পা বললেন  ‘আমরা ব্যর্থ’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর ড্রেসিংরুমের হতাশার কথা খোলাখুলি স্বীকার করেছেন দলের স্পিনার অ্যাডাম জাম্পা। ওমানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেও সেটা উদযাপন করার মতো মানসিক অবস্থা নেই তার। ৯ উইকেটের বড় জয়ও তাদের আগাম বিদায়ের হতাশা কমাতে পারেনি।

ম্যাচ শেষে জাম্পা বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য কয়েকটা দিন খুব কঠিন গেছে। আমাদের ড্রেসিংরুম এখন প্রায় নীরব। কারণ বিশ্বকাপ এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে আমরা ভীষণ হতাশ। আমার মনে হয় শ্রীলঙ্কার ম্যাচে আমি আরও ভালো করতে পারতাম। ওই ম্যাচে আমার অবদান একেবারেই ভালো ছিল না। আমি আরও ভালো করতে পারতাম। মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়াই আমার কাজ।’

দুর্বল ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ঝড়ো ফিফটি (৩৩ বলে ৬৪ রান) হাঁকান। আরেক ওপেনার ট্রাভিস হেড ১৯ বলে ৩২ রান করেন। তাদের উদ্বোধনী জুটি আসে ৯৩ রান। শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা ম্যাচে জাম্পার বোলিং ছিল সবচেয়ে কার্যকর। প্রথমে বোলিংয়ে নেমে অস্ট্রেলিয়া ১৬.২ ওভারে ওমানকে মাত্র ১০৪ রানে অলআউট করে। অজিরা জয় তুলে নেয় মাত্র ৯.৪ ওভারে।

ম্যাচসেরা হয়েও হতাশ জাম্পা আরও বলেন, ‘উইকেট পাওয়া সবসময় ভালো লাগে। কিন্তু আমি সেটা নিয়ে খুব ভাবছি না। আমাদের টুর্নামেন্ট আজ শেষ হয়ে গেল -এটাই আমাকে হতাশ করছে। আমরা ব্যর্থ। গত কয়েক বছরে আমরা এই দলটা তৈরি করেছি, কিন্তু আমরা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারিনি।’