সেবার মানসিকতা নিয়ে কাজ করলেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সংগঠনের প্রত্যেক কর্মীকে এমপির মতো দায়িত্বশীল ভূমিকা রাখার কথা জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে আমরা জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি, উন্নয়নের কথা বলেছি। এখন সময় এসেছে সেই ওয়াদা বাস্তবায়নের।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়াতের সাবেক আমির ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির মো. শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, সাতকানিয়া জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সভাপতি মো. ইউনুছ ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আসহাব উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।