সারাদেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন জানিয়ে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আমিন উর রশীদ বলেন, আমি নিজেও একজন কৃষক। তাই কীভাবে ধান ফলাতে হয় তার বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিতে আধুনিকতার ছোঁয়া দেন। কৃষিতে তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনও দেশ-বিদেশে সমাদৃত। এ মডেল দেশের গ্রামীণ উন্নয়ন চিন্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কুমিল্লার ঐতিহ্য পুনরুদ্ধারে স্থানীয়, গণমাধ্যম ও জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, কুমিল্লাকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মন্ত্রী হিসেবে আমার জায়গা থেকে ভূমিকা রেখে নিজের বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবির বিষয়ে উল্লেখ করে আমিন উর রশীদ বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। এ বিষয়ে নিজের অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
নিজ নিজ মন্ত্রণালয়ের কাজ সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, আপনারা সহযোগিতা করলে ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।