লোকোমেটিভ ইঞ্জিন দুবর্লতার কারণে আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে প্রায় ২ ঘণ্টা ধরে আটকা পড়ে সিলেটগামী উপবন এক্সপ্রেক্স ট্রেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে ভোর ৫টার দিকে বিকল্প একটি ইঞ্জিন এসে ধাক্কা দিয়ে ট্রেনটিকে সচল করানো হয়। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েন ট্রেনের শত শত যাত্রী।
ট্রেনযাত্রী কমলগঞ্জের সুহেল আহমদ জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ছাড়ে। শ্রীঙ্গমল রেলস্টেশন পার হয়ে যখন লাউয়াছড়া জাতীয় উদ্যান বনে আসে তখনই ইঞ্জিন দুবর্লতায় আটকা পড়ে। তখন রাত ৩টা ২৫ মিনিট। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। প্রায় দুই ঘণ্টা পর শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়া উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন এসে ভোর ৫টার দিকে ধাক্কা দিয়ে ট্রেনটি বন এলাকা পার করে দেয়।
এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ পলাশ বলেন, গভীর রাতে রেললাইনের আপের কারণে ট্রেন আটকা পড়েছিল। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি চালু করা হয়। বনের ভেতরে উচু নিচু থাকায় রেললাইনের আপে ট্রেন চলাচল করতে সমস্যা হয়।