ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা আটকা পড়ে। এতে গভীর বনের মধ্যে কয়েক শ যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে ট্রেনটি বনের মাঝপথে বিকল হয়ে যায়। পরে রাত ১০টার দিকে ত্রুটি মেরামত করে ট্রেনটি আবার সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস রাত প্রায় ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে ভানুগাছ স্টেশনের উদ্দেশে রওনা দেয়। লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ট্রেনটি মাঝপথেই থেমে যায়।
নির্জন বনের মধ্যে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় নারী ও শিশুসহ সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর ত্রুটি মেরামত করা হলে ট্রেনটি পুনরায় সচল হয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে রাত ৯টা থেকে ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে আটকে ছিল। পরে রাত ১০টার দিকে ট্রেনটি সচল হয়ে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে ঘন ঘন বিকল হয়ে পড়ার ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইরানের হাতে বেশ কয়েকজন মার্কিন সেনা বন্দীর দাবি