খেলার মাঠ ভাড়া দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ইমাম জাফরের অপসারণের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেশিরভাগ সময় মাঠটি পড়ে থাকে। এ কারণে মাঠের জায়গা নিয়ে কেউ যাতে কোন চাঁদাবাদী করতে না পারে এ জন্য থানার মসজিদের উন্নয়নে মাঠটি ভাড়া দেওয়া হয়েছে। এ নিয়ে যদি কেউ বিক্ষোভ করে আমাদের কোনো কিছু করার নেই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বের হওয়া মিছিলটি সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে ঘুড়কা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, সলঙ্গা থানার সামনের খেলার মাঠে দীর্ঘদিন ধরে পাশের দুই গ্রামের ছেলেরা খেলাধুলা করে আসছে। এটি তাদের খেলাধুলার একমাত্র ভরসা স্থান। মাঠটি ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়ায় স্থানীয় ক্রীড়ামোদীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তারাদের দাবি প্রশাসনের নীরব সমর্থনেই এটি হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এম দুলাল উদ্দিন বলেন, আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠটি ভাড়া দিত। বর্তমানে থানার মসজিদ উন্নয়নের জন্য ব্যবসায়ীদের কাছে মাঠটি ভাড়া দেওয়ায় স্থানীয়রা এ বিক্ষোভ করেছে।
অভিযুক্ত ওসি ইমাম জাফর জানান, মাঠটি থানার দখলে থাকা সরকারি সম্পত্তি। অনেক আগে থেকেই ব্যবসায়ীরা সরিষা শুকানোর বিনিময়ে থানার মসজিদ উন্নয়ন ফান্ডে কিছু টাকা দিয়ে থাকে। সম্প্রতি কিছু লোক মাঠ ভাড়া বাবদ অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করেছিল। কিন্তু ব্যবসায়ীরা তা দেয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মিটিং করে সরিষা শুকানোর বিনিময়ে ব্যবসায়ীদের কাছে থেকে ৬০ হাজার টাকা নিয়ে মসজিদ উন্নয়ন ফান্ডে জমা দেওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে ঘিরে কেউ যাতে অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।