সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর সোমবার নিহতের ছেলে বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি মো: মোহায়মিনুল ইসলাম।মামলায় নয়জনের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
আসামিরা হলেন- বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজ পাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫), গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)। তারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
নিহত আশরাফ আলীর ছেলে ইয়াকুব আলীর করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন এনায়েতপুর থানার এসআই ফরিদ উদ্দিন। ওসি মোহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
মামলায় বলা হয়েছে, বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ। সেই সময় মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জনের একটি দল সেখানে আসেন।
এক পর্যায়ে তারা আশরাফকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।