জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জয়বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের প্রতিবাদে কার্যালয়ে সাইনবোর্ড খুলে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বকশীগঞ্জ জুলাই ঐক্য নামে জুলাই আন্দোলনকারী সংগঠন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সারমারা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে তারা আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড ঝুলিয়ে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়।
এ বিষয়ে জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
অপরদিকে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বগারচর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক শফিউল আলমের নেতৃত্বে সারমারা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশ বিরোধী আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিক থাকতে কোন অপশক্তিকে আমরা ষড়যন্ত্র করতে দেব না।
উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।