জামালপুরের দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর শিশু রোহানের (৮) অর্ধগলিত মরদেহ ভেসে উঠেছে।
শিশু রোহানে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মণ্ডল বাজার এলাকার যমুনা নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে নিহত রোহানের আত্মীয়-স্বজন এসে মরদেহ শনাক্ত করেন।
চাচা ইসমাইল হোসেন বলেন, গত মাসের ২৪ তারিখে রোহান গ্রামের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবির দল বহু চেষ্টা করে মরদেহের কোন সন্ধান পায়নি। অবশেষে সকালে ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে উঠে।
নিহতের আত্মীয়-স্বজন জানায়, মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় মুখ দেখে শনাক্ত করার কোন উপায় ছিল না রোহানের পরনের প্যান্ট দেখে শনাক্ত করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয় নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।