তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি মহল মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করছেন বলেও অভিযোগ করেন তিনি। সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে। তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালনা করতে হয়, তা আমরা জানি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ, বলেন তিনি। গতকাল শনিবার মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, চলতি মাসেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সরকারের এ ঘোষণা বাস্তবায়নে কাজ চলছে। গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমের সমস্যা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ওয়েজবোর্ডকে গুরুত্বসহকারে বিবেচনা করছি। যত দ্রুত সম্ভব এটিকে সময়োপযোগী করতে চাই। সাংবাদিকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে আমরা আন্তরিক।’
এদিকে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে দুপুরে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘কোয়ালিটি সাংবাদিকরা জানেন কোন বিষয় প্রকাশ করতে হয় আর কোনটি ব্যক্তিগত পরিসরে রাখতে হয়। যে সাংবাদিক তার সোর্সের কাছে একবার বিশ্বাস অর্জন করতে পারেন, তার পেশাগত উন্নতি নিশ্চিত।’ তিনি আরও বলেন, ‘কিছু রিপোর্টার ছোটখাটো তথ্য পেলেই তা প্রকাশ করেন। কোন অংশ সংবাদে অন্তর্ভুক্ত হবে আর কোন অংশ হবে না; এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি।’