চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫নং ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে।

নিহতের ছোট ভাই আবদুল মালেক বলেন, আরিফ নামের এক যুবক সন্ধ্যার দিকে নিহত মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে মুজিবের মোবাইলে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত ১১টার দিকে শাহ ওমর মাজার সংলগ্ন এলাকার বিল থেকে হাত-পা ও মুখে কসটেব লাগানো অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিফের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলমান ও পূর্ব শুত্রুতার জের ধরে হয়ত মুজিবকে মেরে ফেলতে পারে।

স্থানীয়রা জানান, আরিফ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তাছাড়াও তার বাবাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসহ তারা বেশ কয়েকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলো। পরবর্তীতে জামিনে এসে আবার মাদক ব্যবসায় জড়িত হয়ে যায় তারা। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা এ ঘটনা শোনার পরপর ঘটনাস্থলে এসেছি। পরিবারের দাবি আরিফ নামের এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। এই বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, আরিফকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।