মালয়েশিয়ায় পাচারকালে ১৫ জনকে উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারীসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক।

বাহারছড়া পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে লোকজনকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। মঙ্গলবার রাতে কচ্ছপিয়া এলাকায় কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছে-গোপন সূত্রে এমন খবর পায় পুলিশ। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ জনকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি। তাদের জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত