পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে শহরের প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পাবনা শহরের চক ছাতিয়ানি এলাকায় নিজ বাসায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটকতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ কর্মী শেখ রাজু।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার রাতে পাবনা শহরের নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা ও গোবিন্দা এলাকার নিজ বাড়ি থেকে শেখ রাজু নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা পর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশকিছু নেতাকর্মী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শনিবার দুপুরে কিছু অজ্ঞাত ব্যক্তি ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ
করেন। প্রতিবাদে আব্দুল হামিদ সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রকাশিত হলে এর প্রেক্ষিতে শনিবার রাতে আলামিন মালিথা ও শেখ রাজুকে আটক করা হয়।