এমপি জ‌হিরুল

প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা প‌রিছন্নতা অভিযান চলবে

পরিচ্ছন্নতা ঈমানের অংশ উল্লেখ করে চট্টগ্রাম-১৬ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, প্রতিদিন বাঁশখালীতে গ‌ড়ে ৩ ঘণ্টা প‌রিছন্নতা অভিযান চল‌বে।

তিনি বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ এলাকা পরিষ্কার রাখা। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনগণের অংশগ্রহণই পারে বাঁশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের পরিষ্কার অভিযান শেষে তিনি কথাগুল বলেন।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হবে।

এ সময় তিনি সড়কের ময়লা-আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিচ্ছন্নতা অভিযান সফল করতে তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলার চাম্বল বাজা‌রে সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এ পরিষ্কার অভিযান চালানো হয়। এসময় এমপির সঙ্গে সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মর্তুজ আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জলিল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।