ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেন। এ সময় শিক্ষামন্ত্রী তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।
শিক্ষামন্ত্রীর দেওয়া ফুলের তোড়ায় লেখা ছিল, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-কে শুভেচ্ছা।’ নিচে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নাম উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। তিনি তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফিরে যেতে চান।
গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই সিদ্ধান্ত নেন। এ সময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং তাঁর সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিত জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।