জয়ী হওয়ায় শুক‌রিয়া সমাবেশ করলেন এমপি মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে বিজয় উপল‌ক্ষে পটুয়াখালীর বাউফ‌লে শুকরিয়া সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াত ইমলামীর ঢাকা দ‌ক্ষিণ মহানগর সে‌ক্রেটারি ও পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপ‌জেলার পাব‌লিক মা‌ঠে ওই সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। এসময় তিনি  বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন।

বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি মাসুদ বলেন, অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন-তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।

ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে।

তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে।

অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নবনির্বা‌চিত সাংসদ ও ঢাকা দ‌ক্ষিণ মহানগর সে‌ক্রেটারী ডা. শ‌ফিকুল ইসলাম মাসুদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ ও জাতীয় নাগরিক পার্টির  (এনসিপি) নেতা মো. জাকির হোসেন প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।