ফরম পূরণ করতে না দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা, অধ্যক্ষের পদত্যাগ দাবি

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী পরীক্ষায় পাস না করায় যোসেফ বর্ণ রোজারিও (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরীক্ষা অনুত্তীর্ণদের উচ্চ মাধ্যমিকের ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত মানতে না পেরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার সহপাঠীরা।

এ ঘটনার প্রতিবাদে ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রবিবার বিকালে নিহতের সহপাঠীরা কলেজের মূল ফটকে ভাঙচুর করাসহ বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এর আগে দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর খ্রিস্টানপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত বর্ণ রোজারিও কালিকাপুর মহল্লার বিপ্লব রোজারিওর ছোট ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহতের সহপাঠী ও স্থানীয়রা জানান, রবিবার কলেজের উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৪০০ জনই অকৃতকার্য হয়। আর অকৃতকার্যদের মধ্যে বর্ণ রোজারিওসহ মোট ৩৮ জন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন শিক্ষকরা। এতে হতাশা ও লজ্জায় বর্ণ রোজারিও বাড়িতে গিয়ে আত্মহত্যা করে।

শিক্ষার্থীর বিক্ষুব্ধ সহপাঠীরা জানায়, শিক্ষকেরা পরিকল্পিতভাবে তাদের ফেল করিয়ে দিয়েছেন। পরে পুনঃপরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে ফরম পূরণের সুযোগ দেন। কিন্তু ৩৮ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে অকৃতকার্য ঘোষণা করায় একটি জীবন চীরতরে নিভে গেল। আমরা এ ঘটনার বিচার চাই।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।