পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান, হান্নানসহ আরও একজনকে আসামি করা হয়েছে।
হামলায় গুরুতর আহত নাহিদ হোসেনের মা মনোয়ারা বেগম রোববার দুপুরে ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পত্তাশী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাস সভাপতি জাহিদ হোসেন (৩৮), নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।
আহতদের মধ্যে নাহিদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আহতদের অভিযোগ, নাসির উদ্দীন টুকুসহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার বলেন, হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।