কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, কুতুবদিয়া থেকে ফেরার পথে সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরটি বদরখালীর ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের তিন নম্বর গাড়িটি একটি শিশু খালিদকে চাপা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. খালিদ বিন ওয়ালিদ (৮) বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে।