চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। এ সময় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বেকারিতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারি পণ্য তৈরি করে আজ তারিখ দেওয়ার কারণে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে অন্যন্যা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি জনাব মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।