পাহাড়, সমুদ্র উপকূল, দ্বীপ ও সমতল এলাকার সমন্বয়ে গড়া উত্তর চট্টগ্রামের সাতটি সংসদীয় আসন। এ এলাকায় যেমন রয়েছে দ্বীপের অবহেলিত জনপদ, ঠিক তেমনিভাবে পাহাড়ের মানুষও রয়েছে। চট্টগ্রাম মহানগরীর শহরতলির কিছু এলাকা উত্তর চট্টগ্রামের আওতায় পড়লেও এখানে রয়েছে বিভিন্ন নাগরিক সমস্যা।
শহরের পাশের এলাকা সীতাকুন্ড উপজেলার বাসিন্দাদের প্রধান চাওয়া বেকারত্বের অবসান। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হলেও এলাকার বেশিরভাগ তরুণ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও একটি বড় প্রত্যাশা। সাম্প্রতিক সময়ের নানা সংঘর্ষ, অপরাধ ও সহিংসতার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর বিশেষ করে, সড়কের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মানোন্নয়নেও কার্যকর উদ্যোগ চান এলাকাবাসী। শহর থেকে দূরে ফটিকছড়ির দুর্গম ইউনিয়নে চিকিৎসাসেবার ঘাটতি দীর্ঘদিনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা চান স্থানীয়রা। পাশাপাশি ফসলি জমি রক্ষায় মাটি কাটা, হালদা নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন রোধে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকার মানুষ। শহরতলির এলাকা হাটহাজারী। এ এলাকায় বিগত ১৪ মাসের ব্যবধানে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কে হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত রোড ডিভাইডার না থাকায় ঝরেছে ১৪টি প্রাণ। প্রাণহানি রোধে নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। উপজেলার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন, সরকারহাট বাজার, হাটহাজারী বাজার, বাসস্টেশন, চৌধুরীহাট, বড়দীঘিরপাড় ও নতুনপাড়া এলাকায় যানজট নিরসনের দাবি জানান তারা। পাহাড়ের পাদদেশে ও লোকালয়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার কারণে পরিবেশদূষণ বন্ধে প্রতিমন্ত্রী মীর হেলালের কার্যকর ভূমিকাও দেখতে চান স্থানীয়রা। মিরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের কাছে জনগণের দাবি, তাকে নির্বাচিত করা হয়েছে উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশায়। জনগণের প্রধান প্রত্যাশা হলো একটি সুস্পষ্ট, নিরাপদ, দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা। সোশ্যাল অ্যাকটিভিস্ট মাঈনুল হাসান টিপু বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাং মিরসরাইয়ের প্রধান সমস্যা।
গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, মিরসরাই উপজেলা দেশের অন্য ১০ উপজেলা থেকে আলাদা; যেহেতু এখানে একটা শিল্পনগর রয়েছে। এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। যার ফলে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ কাজের সন্ধানে আসবে। এই বাড়তি মানুষ থাকার জন্য আবাসনের ওপর চাপ পড়বে। মিরসরাইয়ের এমপিকে সুপরিকল্পিত আবাসন ও শিল্পায়ন উন্নয়ন নিশ্চিত করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন-অপহরণের মতো ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে রাউজানে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির স্থানীয় দুটি গ্রুপের বিরোধে খুন হয়েছেন অন্তত ১৮ জন। গোলাগুলির ঘটনা ঘটেছে অসংখ্য। আহত হয়েছেন অগণিত মানুষ।
দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রধান নাগরিক সমস্যা নদীভাঙন, অপর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার অভাব। নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার কাছে এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। এ ছাড়া সুপেয় পানির অভাব এবং নদীভাঙনের কারণে দ্বীপটির প্রায় ৪৫ শতাংশ ভূমি বিলীন হওয়ায় একদিকে ভূমিহীনতা, অন্যদিকে কৃষিজমিতে বেড়েছে লবণাক্ততা। বাঁশবাড়িয়ার বাসিন্দা স্কুলশিক্ষক আমজাদ হোসেন বলেন, সন্দ্বীপের অন্যতম মূল সমস্যা উন্নত চিকিৎসাসেবার অভাব এবং উপকূলীয় এলাকার অনুন্নত অবকাঠামো। এসব সমস্যা জনজীবনকে চরম ভোগান্তিতে ফেলেছে। উন্নত চিকিৎসার অভাবে জরুরি রোগীদের চট্টগ্রাম শহরে নিতে গিয়ে পথেই অনেকের মৃত্যু হয়।