গোবিন্দগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক যুবদল নেতা বহিষ্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ট্যাপেন্টাডলসহ যুবদল নেতা আনোয়ারুল ইসলাম বাবুকে (৩৮) আটক করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রাম থেকে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটক আনোয়ারুল ইসলাম বাবু ওই গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে নিযুক্ত আছেন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তাকে তাৎক্ষনিক স্বীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয়রা জানান, আনোয়ারুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। এ অভিযোগের প্রেক্ষিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাতে তার বসতবাড়িতে অভিযান চালান। 

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জুয়েল ইসলাম জানান, তার শয়ন ঘর তল্লাসিকালে শোকেচের মধ্যে থেকে দুই হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল বড়ি পাওয়া যায়। এ সময় বাবুকে আটক করা হয়। জব্দকৃত বড়ির মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

পরে তিনি এ ঘটনায় বাদী হয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনোয়ারুল ইসলাম বাবুকে আসামি করে নিকটস্থ থানায় মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা হলে আটক বাবুকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ আজ দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক এস এম গালিব হাসান আবেদনের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।