স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা নিরসন না হওয়া ও সময়স্বল্পতার কারণ দেখিয়ে এবারের অমর একুশে বইমেলায় অংশ নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছিল প্রকাশক ঐক্য। তবে প্রকাশকদের সব শর্ত মেনে নিয়েছে সরকার। ফলে সেই ঘোষণা থেকে সরে এসে মেলায় অংশ নিচ্ছে প্রকাশকদের শীর্ষ সংগঠনটি। যার ফলে সবার অংশগ্রহণেই হতে যাচ্ছে অমর একুশে বইমেলা, ২০২৬।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এবারের মেলায় অংশ নেওয়ার ঘোষণা দেন প্রকাশক ঐক্যের পক্ষে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
এ সময় আহমদ পাবলিশিং হাউজের প্রকাশক মেছবাহউদ্দীন, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, বাতিঘর প্রকাশনীর প্রকাশক দীপঙ্কর দাশ, আদর্শ প্রকাশনীর মাহাবুব রাহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকাশক ঐক্যের পক্ষে মাহরুখ মহিউদ্দিন বলেন, ‘সরকার শর্ত মেনে নিয়েছে। তাই প্রকাশক ঐক্য বইমেলায় অংশ নিচ্ছে।’