বগুড়ায় 'বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি' উদ্বোধন

সোমবার দুপুরে বগুড়া পৌরসভা চত্বরে “বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি” উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় পরিচালিত বগুড়া ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক এবং বগুড়া পৌরসভার প্রশাসক রাজিয়া সুলতানা।

ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কারের জন্য মনোনীতসহ সকল অংশগ্রহণকারীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথি রাজিয়া সুলতানার হাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে উপহার বই তুলে দেয় উপস্থিত শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া জেলা শাখার সংগঠক রাশেদ, ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ মাহমুদ হোসেনসহ অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগটি দারুণ। সরকারি সহযোগিতায় সারা দেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি আবারও শুরু হলো। শিশু থেকে বৃদ্ধ সবাই বই পড়তে পছন্দ করে। ডিজিটাল যুগে এসেও শিশুদের বইয়ের প্রতি মনোযোগ তৈরিতে অপরিসীম ভূমিকা পালন করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া জেলা শাখার সংগঠক রাশেদ বলেন, বই পড়ার অভ্যাস তৈরিতে অনবদ্য ভূমিকা পালন করা বিশ্ব সাহিত্য কেন্দ্র। সারা দেশে বিশ্বাস সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির ইউনিট আবারো যাত্রা শুরু করল। আমাদের লক্ষ্য সকল শিশুর হাতে বই তুলে দেওয়া। নিজের দেশকে জানবে তারা, জানবে সারা বিশ্বকে।