বগুড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ শুরু

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নিচ্ছেন।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, শিক্ষকদের পারস্পরিক এই পেশাগত যোগাযোগ যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োগ এবং নবীন সহকর্মীদের উন্নয়নে তা কাজে লাগাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রাকিবুল হক দিনটিকে দেশের উচ্চশিক্ষার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, হিট প্রকল্পের মাধ্যমে ইউজিসি এই প্রথম জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য এমন পেশাগত প্রশিক্ষণ চালু করল, যা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করবে। আন্তঃবিষয়ক গবেষণার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি উদ্ভাবনকে বাজারে নিয়ে যেতে প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সঠিক নকশা ও বিপণন কৌশল জানা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম জানান, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে ছয়টি বিশেষ প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষকদের সহায়তায় ১৫ জন মাস্টার ট্রেইনার ও ২১ জন ন্যাশনাল ট্রেইনার এই প্রশিক্ষণের জন্য প্রস্তুত হয়েছেন। তিনি মডিউলগুলোর মান আরও উন্নত করতে প্রশিক্ষণার্থীদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরডিএর পরিচালক ও কোর্স পরিচালক ড. মো. আবিদ হোসেন মৃধা এবং আরডিএর পরিচালক মো. দেলোয়ার হোসাইন। এছাড়া হিট প্রকল্প ও আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, পরামর্শক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত