অফিসে একমাত্র সামনের সারির (ফ্রন্টলাইন) কর্মকর্তারা ছাড়া প্রায় সবাই ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস। যদি আপনাকে রিপোর্ট করে এমন কর্মচারী বা কর্মকর্তা থেকে থাকে আপনিও এই সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে নতুন বস হলে এই সমস্যা সবচেয়ে বেশি হয়। যদি আপনার অধস্তন ঠিকভাবে কাজ না করে, তাহলে আপনার বসের কাছে আপনার অবস্থানও ঝুঁকির মুখে পড়বে। ঠিক যে কারণে আপনার অধস্তনের অবস্থা এখন ঝুঁকির মুখে।
একটি অতিবিখ্যাত প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। কিন্তু উঠান যদি সত্যিই বাঁকা হয় তাহলে উপায় কী? আপনার অধস্তন টিমের কেউ কেউ হয়তো আসলেই অদক্ষ। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনার কর্মদক্ষতা নির্ভর করে আপনার বিভাগের অন্য সদস্যদের ভালো পারফরমেন্সের ওপর। দলগতভাবে সবাই ভালোভাবে কাজ করলেই আপনি নিরাপদ থাকবেন। কিন্তু অদক্ষ কর্মকর্তা শুধু যে আপনাকে লক্ষ্যে পৌঁছতে যথাযথ সাহায্য করছে না, শুধু তাই নয়, হতে পারে, ঝামেলা বাধিয়ে কাজের গতি আরও কমিয়ে দিচ্ছে।
আর দলের মধ্যে সবাই দারুণ দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে এমনটাও বিরল। বিভাগ আকারে একটু বড় হলে আপনি সহজেই কাউকে না কাউকে পেয়ে যাবেন যার দক্ষতা যথাযথ মানের নয়। এর সমাধান কী হবে?
সবচেয়ে সহজ সমাধান হতে পারে পারে অদক্ষ অধস্তনকে চাকরিচ্যুত করা। কিন্তু এটাই কি সেরা সমাধান? তার আগে আসুন কয়েকটি বিষয় বিবেচনা করে দেখা যাক।
অদক্ষ কর্মকর্তা কোথায় অদক্ষ?
ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনি হয়তো বিব্রতবোধ করবেন যখন আরেকটি অতিবিখ্যাত প্রবাদবাক্য আপনাকে শোনানো হবে ‘জগতে কোনো অদক্ষ কর্মকর্তা নেই, শুধু অদক্ষ ব্যবস্থাপক আছে।’ তার মানে বিভাগের সদস্যদের কোনো দোষ নেই, বিভাগের নেতা হিসেবে আপনিই অদক্ষ। দলের লোকদের কাছ থেকে কী করে কাজ আদায় করতে হয় সেটা আপনি জানেন না। এর নাম শাঁখের করাত। এর থেকে মুক্তির উপায় অদক্ষ কর্মকর্তার অদক্ষতা কোথায় সেটা খুঁজে বের করা এবং তাকে চাকরিচ্যুত না করে তাকে দক্ষ করে তোলা যায় কিনা, কাজে লাগানো যায় কিনা, তার সব চেষ্টা করা দরকার।
অদক্ষ কর্মকর্তা অদক্ষ হলো কী করে?
আপনার প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ নিশ্চয়ই নানা রকম লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, স্তরে স্তরে আরও নানাবিধ পরীক্ষা ইত্যাদি যাচাই-বাছাই করে তারপর এই কর্মকর্তাকে, যাকে আপনি এখন অদক্ষ মনে করছেন, তাকে নিয়োগ দিয়েছে। হতে পারে সেই ইন্টারভিউ বোর্ডে আপনিও উপস্থিত ছিলেন। তাহলে অদক্ষ কর্মকর্তা নিয়োগ পেল কী করে? তার মানে এই অদক্ষ কর্মকর্তার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানেরও দায় আছে, চাকরিচ্যুত করা ঠিক হবে না।
যতক্ষণে বোঝা গেল ততক্ষণে ব্যয় কত হলো?
একজন কর্মকর্তা নিয়োগ পাওয়ার পরের দিন থেকেই প্রতিষ্ঠানকে আশানুরূপ ফলাফল দিতে পারে না। তার কিছুটা সময়ের দরকার হয়। প্রশিক্ষণ নেওয়ার দরকার হতে পারে। তার দায়িত্ব বুঝে নেওয়া থেকে শুরু করে কীভাবে দায়িত্ব পালন করা হবে, কৌশল কী হবে, প্রতিষ্ঠানের সংস্কৃতি, অন্য সহকর্মীদের সঙ্গে সমঝোতা ইত্যাদি নানা কিছু ঠিকঠাক হতে সময় লাগে। খেয়াল রাখতে হবে, এই সময়ে কিন্তু প্রতিষ্ঠান এই কর্মকর্তার পেছনে অবিরাম ব্যয় করে যাচ্ছে। পরে যখন তার কাছ থেকে প্রতিষ্ঠানের কাজ পাওয়ার কথা তখন যদি তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে প্রতিষ্ঠানের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে যায়। তাই অদক্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার আগে পারিপার্শ্বিক অবস্থা ভেবে নিতে হবে।
হতে পারে দক্ষতার স্থান পাল্টাতে হবে
চাকরিচ্যুত করার আগে আরেকটি দিক বিবেচনা করা উচিত, হতে পারে এই অদক্ষ কর্মকর্তা এক বিভাগের জন্য অদক্ষ কিন্তু অন্য বিভাগের জন্য দক্ষ। অদক্ষ কর্মকর্তাকে নতুনভাবে যাচাই করে বিভাগ, পদ, দায়িত্ব অথবা কাজের পদ্ধতি পাল্টিয়ে যাচাই করে দেখা যেতে পারে হতে পারে তিনি অন্য কোনো কাজে বা বিভাগে পারদর্শী।
যিনি নতুন যোগ দিচ্ছেন তিন দক্ষ তো?
ধরে নেওয়া গেল, অদক্ষ অধস্তন কর্মীটিকে কোনোভাবেই কাজে লাগানো যাচ্ছে না এবং তাকে অনেক ভেবেচিন্তে চাকরি থেকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। কিন্তু নতুন যাকে এই দায়িত্বে নেওয়া হবে তিনি দক্ষ হবেন কিনা তার নিশ্চয়তা কে দেবে? তার মানে, ঘুরেফিরে সেই আগের গন্তব্যেই ফিরে আসা। দক্ষ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার আগে কীভাবে বুঝে নেওয়া যেতে পারে তিনি দক্ষ হবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বস হিসেবে আপনাকে জানতে হবে। আর যদি কোনোভাবে নিয়োগের পরে তার অদক্ষতা প্রমাণিত হয়, তাহলে তাকে দক্ষ বানানো যেতে পারে কী করে সেটাও আপনার জানা দরকার। মনে রাখা জরুরি আপনার বিভাগ কেন ভালো করছে না কারণ আপনার বিভাগের কর্মীরা দক্ষ নন, এই ব্যাখ্যা প্রতিষ্ঠান মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণ নেই কারণটা সত্যি হলেও।
শেষ কথা, যা করার দ্রুত করতে হবে। অদক্ষ কর্মকর্তা প্রতিষ্ঠান এবং আপনার বিভাগের অনেক বড় বোঝা এবং আপনার ক্যারিয়ারের জন্যে ঝুঁকি।
লেখক : প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ন্ড ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড কনসালট্যান্সি